মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের মুক্তির দাবিতে পোস্টারিং, জানে না পুলিশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি: সংগৃহীত
expand

নোয়াখালীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন সাবেক নেতা ও জনপ্রতিনিধির মুক্তির দাবিতে পোস্টারিং করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং কবিরহাট থানার সামনে বিভিন্ন এলাকায় এসব পোস্টার দেখা যায়। তবে এ বিষয়ে স্থানীয় পুলিশের অধিকাংশ কর্মকর্তাই কিছু জানেন না বলে জানিয়েছেন।

পোস্টারগুলোতে নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও আয়েশা আলী, নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুসহ সারাদেশে গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘রাজবন্দি’ হিসেবে উল্লেখ করে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

পোস্টারে দাবি করা হয়, জালিম সরকারের নির্দেশে ‘অবৈধভাবে গ্রেপ্তারকৃত’ এসব নেতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সঙ্গে সারাদেশে অন্যায় ও জোরপূর্বক গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির আহ্বানও জানানো হয়েছে। পোস্টারের নিচে ৭ নম্বর বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন শাহীনের নাম উল্লেখ করা হয়েছে।

তবে এসব পোস্টার কারা, কখন এবং কীভাবে বিভিন্ন স্থানে লাগিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। পোস্টার লাগানোর ব্যাপারে খোঁজ নিয়ে দেখছি।’

এ ছাড়াও জেলার অন্যান্য থানার কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারাও পোস্টারিংয়ের বিষয়ে নিশ্চিত কোনও তথ্য জানাতে পারেননি।

বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার খবর নিচ্ছেন বলে জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank