

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের অর্পিত গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
আগামীতে স্থানীয় সরকারের পাঁচটি স্তরে নির্বাচন আয়োজনের কথা জানিয়ে তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে আমাদের মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
শুক্রবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন, পৌরসভা থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যন্ত এই মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে, সেটা আমরা সঠিকভাবে পালন করতে চাই।’
তিনি বলেন, ‘দেশের গ্রামীণ জনগোষ্ঠী থেকে শুরু করে শহরের সিটি করপোরেশন এলাকার মানুষের কাছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
ড. আব্দুল মঈন খান বলেন, ‘ইনশাআল্লাহ, আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহচর্য চাই এবং আপনাদের সকল ধরনের শুভেচ্ছা চাই—যেন যে গুরুদায়িত্ব প্রধানমন্ত্রী আমার উপর অর্পণ করেছেন, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আমি আপনাদের দোয়া প্রার্থী।’
বাংলাদেশ বিগত ১৭ বছরে যেভাবে ধ্বংসের মুখে পড়েছিল, সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, তাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, তার দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এর একটি হলো সারা দেশের স্থানীয় সরকার ব্যবস্থার অবকাঠামো গড়ে তোলা ও শক্তিশালী করা। অন্যটি হলো দেশের অনগ্রসর ও গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করা।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালী করার পাশাপাশি গ্রামের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার।
নরসিংদী তাঁতবোর্ড ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপি।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


