বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরির প্রলোভন দেখিয়ে অস্ত্র লুট, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৮:০০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিদেশী নাগরিকদের নিরাপত্তাকর্মীর চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে অস্ত্রধারী ব্যক্তিদের ঢাকায় ডেকে এনে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে লাইসেন্স করা অস্ত্র লুটের সঙ্গে জড়িত এক চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

বুধবার (২৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসপি মিজানুর রহমান মুন্সি।

তিনি জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি, ১০ এপ্রিল ও ১৯ জুন পৃথক চারটি ঘটনায় চার ভুক্তভোগীকে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকার খিলক্ষেত এলাকায় ডেকে আনা হয়। পরে চক্রের সদস্যরা তাদের একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ফেলে রেখে তাদের নামে বৈধভাবে লাইসেন্স করা অস্ত্র ছিনিয়ে নেয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি ডাকাতি মামলা এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতার মামলা দায়ের করা হয়। রূপগঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে চালানো অভিযানে ঢাকার ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন: নড়াইল জেলার কালিয়ার প্রয়াত আ. রাজ্জাক মোল্লার ছেলে নাসিম উদ্দিন মোল্লা (৩০), মাগুরা জেলার মুহাম্মদপুরের আব্দুল আলীম মোল্লার ছেলে রমজান আলী (৩১), একই গ্রামের সাত্তার মোল্লার ছেলে সিরাজুল ইসলাম (৩২)ও একই এলাকার রজব শেখের ছেলে ইব্রাহিম শেখ (৩১)।

তাদের কাছ থেকে লুট হওয়া দু’টি শটগান, ৩৮ রাউন্ড গুলি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, চারটি মোবাইল ফোন, অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহর এবং ভুয়া নম্বর প্লেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জেলা থেকে অস্ত্রধারী ব্যক্তিদের টার্গেট করত। বিদেশীদের নিরাপত্তার চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে এনে তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়া হতো। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জন্য নেওয়া হবে। এবং অস্ত্র লুটের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Bosnia-Herz VS Qatar
88'
3 - 1
34' Mahmoud Abunada
80' Ermin Mahmic
42' Hassan Al-Haydos
World Cup