

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮ বছর বয়সের একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হিমেল (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) বিকেলে সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের গোদনাইল এসও রোড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক। স্থানীয়দের দাবি, অভিযুক্ত হিমেল মাদকাসক্ত এবং এলাকার বখাটে যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত যুবক ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড এলাকায় সাবেক কাউন্সিল সিরাজুল ইসলাম মন্ডলের বাড়িতে পাশাপাশি ফ্ল্যাটের ভাড়াটে। বুধবার বিকেলে হিমেল ওই শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এসময় শিশুটির চিৎকার শুনে তার মা দৌঁড়ে গিয়ে মেয়েকে রক্ষা করেন এবং কৌশলে হিমেলকে ঘরে আটকে রেখে এলাকার লোকজনকে খবর দেন।
পরে স্থানীয় এলাকাবাসি বাড়িটি ঘেরাও করে রেখে বিক্ষোভ করে। এসময় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরে ৯৯৯ নম্বরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ঘর থেকে অভিযুক্ত যুবককে আটক করে। এ ঘটনায় শিশুটির পরিবার অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, আট বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন অভিযুক্ত যুবককে ঘরে আটকে রাখে।
খবর পেয়ে থানা পুলিশ গিয়ে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুটির পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
