বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভোজ্যতেলের বাজারে অস্থিরতা: ক্যাবের মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০১:২২ পিএম
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন জেলা ক্যাব
expand
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন জেলা ক্যাব

বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রির প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন জেলা ক্যাব।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের বাজারে আবারও অস্থিরতা সৃষ্টি হয়েছে। সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে সয়াবিন তেল প্রতি লিটারে ৩০ থেকে ৩৪ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করা হচ্ছে। কোথাও বোতলজাত তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, আবার কোথাও খোলা তেলের নামে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে।

বক্তারা বলেন, নির্ধারিত দামে খোলা সয়াবিন তেল ১৮৫ টাকা এবং বোতলজাত তেল ১৭০ টাকা হওয়ার কথা থাকলেও বাজারে বোতলজাত তেল ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একইভাবে খোলা পাম তেলও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে, যা বাজার তদারকির দুর্বলতাকে স্পষ্ট করে।

তারা আরও অভিযোগ করেন, একটি সিন্ডিকেট গুদামে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছে। এতে সাধারণ ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন।

ভোজ্যতেলের মান নিয়েও উদ্বেগ প্রকাশ করে জেলা ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন বলেন, অনেক ক্ষেত্রে নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং বিভিন্ন জটিল রোগের কারণ হতে পারে।

মানববন্ধন থেকে ক্যাবের পক্ষ থেকে সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট চিহ্নিত করে শাস্তি প্রদান, বাজার তদারকি জোরদার, মজুতদারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনটির জেলার কোষাকোষাধ্যক্ষ এনামুল হক প্রিন্স, জেলা কমিটি সদস্য রুকনুজ্জামান মিঠু, রফিকুল ইসলাম, এস এম বিজয়, দিদার এলাহী ইকবাল, সদর উপজেলা সভাপতি ডা. গাজী খায়রুজ্জামান, সহসভাপতি ডা. তারিকুল ইসলাম, সদস্য আল মামুন, ডা. আসমা খন্দকার, জহিরুল ইসলাম মিন্টু, জাহাঙ্গীর ডালিম, আড়াইহাজার উপজেলা সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন