

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘গায়েবি গুহা থেকে হুংকার দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না। আপনি যখন ক্ষমতায় ছিলেন, তখনও আমরা চোখে চোখ রেখে বুক টান করে দাঁড়িয়েছিলাম। গুলি করেও আমাদের দমন করতে পারেননি।’
শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার মুক্তমঞ্চে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যে শেখ হাসিনাকে প্রসঙ্গে সারোয়ার তুষার বলেন, ‘এক সময় বলা হতো, শেখ হাসিনা পালায় না, শেখের বেটি পালায় না, আওয়ামী লীগ পালায় না। কিন্তু সেই শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তারা কোনো এক গায়েবি গুহা থেকে বাংলাদেশের মানুষের উদ্দেশে হুংকার দিচ্ছে। আমরা বলতে চাই, এসব হুমকি দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না।’
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, ‘রাষ্ট্রপতিকে নিয়ে নতুন যে নাটক শুরু হয়েছে, তা দেশের মানুষ গ্রহণ করবে না। আমরা আগেই বলেছিলাম, রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত। কিন্তু তখন তা করা হয়নি। এখন তাকে অসুস্থতার কারণ দেখিয়ে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে।’
সারোয়ার তুষার আরও বলেন, ‘আমাদের সমাবেশকে কেন্দ্র করে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। কিন্তু জুলাই মাসে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েও এ দেশের মানুষকে থামানো যায়নি। তাই হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। অকারণে শত্রুতা তৈরি করতে আসবেন না।’
সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, নড়াইল জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্যসচিব মাহমুদা সুলতানা রিমিসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।