

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নড়াইল সদর উপজেলায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় চাঁদনী আক্তার খাদিজা (২২) নামে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাকিব শেখের বিরুদ্ধে।
এ ঘটনায় নিহতের স্বামী সাকিব শেখকে আটক করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৫ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্তকে আটক করে।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত চাঁদনি আক্তার খাদিজা খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনার ফুলতলা থেকে সোমবার (৪ মে) নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বাহিরগ্রামে খালাশাশুড়ির বাড়িতে সপরিবারে বেড়াতে আসেন সাকিব শেখ ও তার স্ত্রী চাঁদনী আক্তার খাদিজা।
সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ চলে আসছিল।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঘরে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তার স্বামী সাকিব।
পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ঘটনাটি ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে সদর থানা পুলিশ। তবে পুলিশ কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের মুখে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, হাসপাতালে নিহতের পরিবার দাবি করে অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে চাঁদনী আহত হয়েছেন।
তবে ঘটনাস্থলে গিয়ে আলামত এবং সাকিবের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় আমরা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। পরে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।