

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের নান্দাইলে স্বামীর বল্লমের আঘাতে ফিরোজা আক্তার (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফিরোজা আক্তার ওই গ্রামের আবু রায়হানের (৬০) স্ত্রী। তাদের সংসারে চার ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু রায়হান দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চলাচলে অক্ষম হয়ে পড়েছেন। লাঠিতে ভর দিয়ে তিনি কিছুটা চলাফেরা করতে পারতেন।
সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল বলে স্থানীয়রা জানান। কয়েক মাস ধরে ফিরোজা স্বামীর কাছ থেকে আলাদা ঘরে বসবাস করছিলেন। স্থানীয় সূত্রের দাবি, এ সময় তিনি স্বামীর রান্না ও সেবাযত্ন করতেন না। এতে আবু রায়হানের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
এরই জেরে বৃহস্পতিবার সকালে বাড়িতে থাকা একটি বল্লম দিয়ে উঠানে বসে থাকা স্ত্রী ফিরোজা আক্তারকে একাধিকবার আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে প্রতিবেশী ও স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আবু রায়হানসহ তাদের সন্তানরা পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


