বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বকেয়া বেতন-ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৬:৩৬ পিএম
শ্রমিকদের বিক্ষোভ
expand
শ্রমিকদের বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাসেল অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (৯ মার্চ) সকালে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় কারখানার সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ সময় সকাল ১০টা ৩৫ মিনিট থেকে প্রায় ১০টা ৫৫ মিনিট পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটিতে তারা প্রায় এক হাজার ৬৫০ জন শ্রমিক কর্মরত আছেন। তাদের অভিযোগ, প্রতি মাসের বেতন সাধারণত মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হলেও ফেব্রুয়ারি মাসের বেতন এখনো দেয়া হয়নি। এছাড়া অন্যান্য অনেক কারখানায় ঈদ বোনাস ইতোমধ্যেই দেয়া হলেও তাদের বোনাস দেয়া হয়নি।

শ্রমিকরা জানান, সামনে ঈদ হওয়ায় ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস ও মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতনের দাবিতে তারা মহাসড়কে নেমে বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার ভেতরে অবস্থান নেন।

ভালুকা মডেল থানা পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং শ্রমিকদের দাবি-দাওয়া বিষয়ে কারখানা কর্তৃপক্ষের আলোচনা করেন।

এ সম্পর্কে রাসেল অ্যাপারেলস লিমিটেড কারখানার এইচ আর কমপ্লায়েন্স ম্যানেজার মো. এনামুল হক জানান, ফেব্রুয়ারি মাসের বেতন আগামী দুই-এক দিনের মধ্যে পরিশোধ করা হবে এবং পূর্বের ন্যায় ঈদ বোনাস আগামী ১৫ মার্চের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন ওই ম্যানেজার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন