বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৮ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মোবাইল ফোন বহন ও ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পাঠদান চলাকালে শিক্ষকদেরও ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। নতুন এ নির্দেশনা বাস্তবায়নে প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষের স্বাক্ষর করা এক সরকারি পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। ২৬ জুলাই জারি হওয়া ওই পরিপত্রের অনুলিপি উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধান এবং সুপারিনটেনডেন্টদের কাছে পাঠানো হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার দিন দিন বাড়ছে, যা তাদের লেখাপড়া, মনোযোগ এবং শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণ জরুরি বলে প্রশাসন মনে করছে।

শুধু শিক্ষার্থীদের জন্য নয়, শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের মতে, ক্লাসের সময় মোবাইল ব্যবহার করলে পাঠদানের ধারাবাহিকতা ব্যাহত হয় এবং শিক্ষার্থীদের মনোযোগেও প্রভাব পড়ে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বিষয়টি কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও পরিপত্রে সতর্ক করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টির তদারকি ও বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তোলা, শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখা এবং একটি ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, নির্দেশনাটি বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি করবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন