বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে নতুন সড়ক নির্মাণে বদলে গেছে ভূঁইয়াপাড়া গ্রামের চিত্র

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম
ভূঁইয়াপাড়া গ্রামের সড়ক
expand
ভূঁইয়াপাড়া গ্রামের সড়ক

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ভূঁইয়াপাড়া গ্রামে নতুন সড়ক নির্মাণের ফলে বদলে গেছে এলাকার সামগ্রিক চিত্র।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে নির্মিত ৪০২ মিটার দৈর্ঘ্যের এ সড়কটি চালু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে।

স্থানীয়রা জানান, একসময় এটি ছিল সরু ও কাঁচা মাটির রাস্তা। বর্ষা মৌসুমে কাদায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। এতে করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। তবে সড়কটি পাকাকরণ হওয়ায় এখন সহজেই চলাচল করতে পারছেন এলাকাবাসী।

রবিবার (৮ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন নির্মিত সড়কটি দিয়ে ইতোমধ্যে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। ফলে এলাকাবাসীর যাতায়াত অনেকটা সহজ হয়েছে।

এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। তাদের মতে, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের উদ্যোগ ও প্রচেষ্টায় সড়কটি নির্মাণ করা হয়েছে।

ভূঁইয়াপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, আগে বৃষ্টি হলেই রাস্তা কাদাময় হয়ে যেত। তখন স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াতে অনীহা দেখাত। এখন পাকা রাস্তা হওয়ায় চলাচল অনেক সহজ হয়েছে। তবে একটি পক্ষ বিভিন্ন অজুহাতে সড়কটি নিয়ে আপত্তি তুলছে বলেও তারা অভিযোগ করেন।

সড়ক নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিও কনস্ট্রাকশনের মালিক মো. সাইফুর রহমান বলেন, প্রকল্পের সব কাজ নিয়ম মেনেই সম্পন্ন করা হয়েছে। সড়কে যানবাহনের ইউটার্নের সুবিধার জন্য নির্দিষ্ট স্থানে কিছুটা প্রশস্ত করা হয়েছে।

শ্রীনগর উপজেলা প্রকৌশলী মো. মহিফুল ইসলাম বলেন, প্রাক্কলন অনুযায়ী সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Croatia
Scheduled
18 Jun, 02:00 AM
VS
World Cup