

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে টাকি মাছের ভর্তা বলে পাঙ্গাস মাছের ভর্তা পরিবেশন, খাবার সংরক্ষণে অনিয়ম, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত এবং চিকিৎসকের স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুইটি প্রতিষ্ঠান ও এক মাছ ব্যবসায়ীকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে একটি মেডিকেল সেন্টার সিলগালা করা হয়।
বুধবার (১২ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের ক্যান্টিন ‘সারাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’ টাকি মাছের ভর্তা বলে পাঙ্গাস মাছের ভর্তা পরিবেশন, রেফ্রিজারেটরে অনিয়মতান্ত্রিকভাবে খাবার সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বাসস্ট্যান্ড এলাকার ‘দি নিউ হাই কেয়ার মেডিকেল সেন্টারে’ প্যাথলজি পরীক্ষার রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর জাল করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগ অনুযায়ী, চিকিৎসকের অনুপস্থিতিতে একজন ল্যাব টেকনোলজিস্ট তার নাম ব্যবহার করে স্বাক্ষর করতেন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেডিকেল সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়।
এছাড়া মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পৌর কাঁচাবাজারের মাছের বাজারে রঙিন লাইট ও বিশেষ ধরনের পর্দা ব্যবহার করে মাছকে অতিরিক্ত সতেজ দেখানোর অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সকাল থেকেই মানিকগঞ্জ শহরে অভিযান পরিচালনা করা হয়েছে। একটি মেডিকেল সেন্টারে চিকিৎসকের অনুপস্থিতিতে তার নাম ও স্বাক্ষর ব্যবহার করে রোগীদের রিপোর্ট দেওয়া হতো। স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে মনগড়া রিপোর্ট দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।
তিনি আরও বলেন, মাছের বাজারে বিশেষ ধরনের লাইট ও পর্দা ব্যবহার করে মাছকে সতেজ দেখানোর অপরাধে একজন ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হাসপাতাল গেট সংলগ্ন ক্যান্টিনে টাকি মাছের ভর্তা বলে পাঙ্গাস মাছের ভর্তা পরিবেশন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর খাদেমুল ইসলাম ও জেলা ক্যাবের সভাপতি সামছুন্নবি তুলিপ সহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় জেলা ব্যাটালিয়ন আনসারের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

