

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী ও এক শিশু আহত হয়েছে। আহতদের মধ্যে নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মাগুরা সদর উপজেলার আবালপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার বেঙ্গবেরইল গ্রামের শরিফুল ইসলামের ছেলে আশিকুর রহমান রিপন (৪৫) এবং পশ্চিম রামনগর গ্রামের গোলাম রব্বানীর ছেলে নাঈম (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মহাসড়কের আবালপুর স্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় অপর মোটরসাইকেল আরোহীরও মৃত্যু হয়।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইমরান আহমেদ জানান, আহতদের মধ্যে একজন হাসপাতালে আনার পর মারা যান। অপরজন চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যান।
নিহত আশিকুর রহমানের মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করা হয়েছে। সঙ্গে থাকা শিশুটির অবস্থা বর্তমানে ভালো এবং সে মাগুরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মাগুরা হাইওয়ে থানার এসআই মাহাবুবুর রহমান জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অস্থায়ী লাশঘরে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


