শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৯:৫৯ পিএম
দুর্ঘটনাকবলিত বাস
expand
দুর্ঘটনাকবলিত বাস

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর নামক স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস মহাসড়কের গোপালপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির 'ইয়েস পরিবহন'-এর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি বাসেরই সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীদের চিৎকার-চেঁচামেচি শুরু হয়।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশের স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করেন এবং বাসের ভেতর আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত অন্তত ২০ জনকে হাসপাতালে আনা হয়। তাদের অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর ও আশঙ্কাজনক। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে স্থানীয় হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়।

পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাস দুটিকে জব্দ করার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন