সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মন্ত্রীর সামনেই বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পিএম আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
expand

লালমনিরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের উপস্থিতিতেই বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমানসহ পাঁচজন আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সভাপতি ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল উপস্থিত ছিলেন।

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল ও তার চাচাতো ভাই কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিগত নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে এই অন্তর্বিরোধ প্রকাশ্য রূপ নেয়। সম্প্রতি সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে রাতে জেলা বিএনপির মতবিনিময় সভায় যোগ দেন।

সভা চলাকালে কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলকে নিয়ে দলীয় নীতির সমালোচনা করলে প্রতিপক্ষ সমর্থকরা তীব্র প্রতিবাদ জানান। একপর্যায়ে দুই পক্ষ ক্ষুব্ধ হয়ে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুজ্জামান সবুজ এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আখেরুজ্জামান স্বাধীন রয়েছেন। গুরুতর আহত হামিদুর রহমানকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। মারামারির ঘটনা ধারণ করায় সাংবাদিকদের ধারণকৃত ভিডিও মুছে ফেলারও অভিযোগ উঠেছে।

পরে জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুসহ জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আহত হামিদুর রহমানের ছেলে নাসির ইমতিয়াজ নিলয় জানান, তার বাবা মতিনিময় সভায় ধাক্কাধাক্কির মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি সবার কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, বিএনপির মতবিনিময় সভায় উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি এখন শান্ত। অসুস্থ অবস্থায় একজনকে উদ্ধার করে পুলিশের গাড়িতে হাসপাতালে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank