রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে মাদককারবারিকে  ছেড়ে দেওয়ার অভিযোগ, আটক ৪

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১০:২৬ পিএম আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

লালমনিরহাটে টাকা নিয়ে মাদককারবারিকে ছেড়ে দেওয়া ও মাদক লেনদেনে সম্পৃক্ততার অভিযোগে একটি সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটির চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে শনিবার (২৫ জুলাই) বিকালে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মোহাম্মদ বেলাল হোসেনের ছেলে আতিয়ার রহমান (৪০), আব্দুস সামাদের ছেলে আনারুল ইসলাম (৪৫), মৃত গফফার আলীর ছেলে খুনিয়াগাছ ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (৩৫) এবং নূর ইসলামের ছেলে জাহেদুল ইসলাম (৪৫)।

তারা সবাই ওই এলাকায় সামাজিক আন্দোলন `আলোকিত লালমনিরহাট’-এর মাদক প্রতিরোধ কমিটির সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খুনিয়াগাছ ইউনিয়নের ‘আলোকিত লালমনিরহাট’ মাদকবিরোধী কমিটির সদস্যরা ২৬২ বোতল ভারতীয় এস্কাফ (Escuf) সিরাপসহ এক মাদককারবারিকে আটক করেন। তবে পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে না দিয়ে ১ লাখ ৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করে গোপনে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে।

সামাজিক আন্দোলনের ব্যানার ব্যবহার করে নিজেরাই ঘুষ গ্রহণ ও মাদককারবারে সহায়তার খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় জনতা অভিযুক্ত ওই চার সদস্যকে আটক করে পুলিশে খবর দিলে তাদের থানা হেফাজতে নেওয়া হয়।

ঘটনার বিষয়ে খুনিয়াগাছ ইউনিয়নের সামাজিক অপরাধ পর্যবেক্ষণ ও তদারকি কমিটির প্রধান সমন্বয়ক এএসএম খায়রুজ্জামান বাদল জানান, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওই চারজনকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ‘ধর্তব্য অপরাধে জড়িত থাকার সন্দেহে এবং জনরোষ এড়াতে তাদের ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন