মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি আবারও দ্রুত বাড়ছে। পানি বৃদ্ধির এই ধারাবাহিকতায় নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ৬টার তথ্য অনুযায়ী লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ মিটার, যা বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটারের মাত্র ১ সে.মি. নিচে রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, উজানে ভারতের কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীতে পানির প্রবাহ আবারও বৃদ্ধি পেয়েছে। পানি ক্রমাগত বাড়তে থাকায় তিস্তা তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এর আগে গত মাসের শেষ দিকে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করেছিল। যদিও একদিন পর পরিস্থিতির উন্নতি হয়, তবে উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আবারও নদীর পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, পাউবোর পক্ষ থেকে তিস্তা নদীর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে তিস্তার পানি আরও বৃদ্ধি পেতে পারে। তাই নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন