শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামাতে ৪০ দিন নামাজ পড়ে সাইকেল উপহার পেল তাজিন ইসলাম

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৫ পিএম
মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী তাজিন ইসলামের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।
expand
মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী তাজিন ইসলামের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।

শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আগ্রহী করে তুলতে লালমনিরহাটের হাতীবান্ধায় এক ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। টানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় ও রোজা পালন করে প্রথম পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল জিতে নিয়েছে তাজিন ইসলাম নামে এক কিশোর।

​শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব সিন্দুর্না এলাকায় রেললাইনের পার্শ্ববর্তী একটি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় সফলভাবে অংশ নেওয়া মোট ৪০ জন শিশু-কিশোরকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।

​মসজিদ কমিটির সভাপতি শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা টিটিসির অধ্যক্ষ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।

​প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বাবু বলেন, "এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের নৈতিক অবক্ষয় রোধে এবং ধর্মীয় চর্চায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের সঙ্গে আমি সম্পৃক্ত থাকব।

​পুরস্কার হিসেবে নতুন বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত তাজিন ইসলাম বলেন, আমি প্রতিদিন নিয়ম মেনে জামাতের সঙ্গে নামাজ পড়েছি ও রোজা রেখেছি। এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আয়োজকদের জন্য দোয়া করি।

​তাজিন ইসলামের বাবা রফিকুল ইসলাম এই উদ্যোগের প্রশংসা করে বলেন, আমার ছেলে টানা ৪০ দিন নিষ্ঠার সঙ্গে নিয়ম পালন করেছে। এমন আয়োজন শিশুদের সুন্দর চরিত্র গঠনে সহায়ক হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি সৈয়দ মাসুম রব্বানী মন্তব্য করেন, দেশের বিভিন্ন স্থানে সফর করলেও কোনো মসজিদে এমন ব্যতিক্রমী ও অনুকরণীয় উদ্যোগ তিনি সচরাচর দেখেননি।​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন