

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের কমলনগরে ভূমিদস্যুতার অভিযোগে বাহার হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। তবে অভিযুক্ত বাহার নিজেই মানববন্ধনে হাজির হয়ে ব্যানার ধরে অন্যদের সঙ্গে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামে এ ঘটনা ঘটে।
মানববন্ধনকারীদের অভিযোগ, জমি দখল করতে না পেরে বাহার বিভিন্নভাবে স্থানীয়দের হয়রানি করে আসছেন। এমনকি একটি অসুস্থ গরুর মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে দেখিয়ে প্রতিপক্ষকে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন, চরপাগলা গ্রামে অজুফা খাতুন নামে এক নারীর কাছ থেকে ২০১০ সালে ৮০ শতাংশ জমি কিনেছি। একই এলাকার বাহার উদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে আমার স্ত্রী মনোয়ারা বেগমের নামে ৪০ শতাংশ জমি কেনা হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এসব জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছি। হঠাৎ এসব জমি ইজারা নিয়েছে বলে দাবি করে বাহার হোসেন ভেকু দিয়ে মাটি কাটার চেষ্টা করেন।
মানববন্ধনে নুরুজ্জামান, হোসেন, মনোয়ারা বেগম ও মো. দুলালসহ অনেকে তার বিরুদ্ধে অভিযোগ করেন। তারা জানান, বাহার বিভিন্ন সময় নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি এবং অন্যের জমি দখলের চেষ্টা করছেন। মালিকপক্ষ জমিতে আমনের চারা রোপণ করায় অভিযুক্ত ক্ষুব্ধ হয়ে তাদের হয়রানি করছেন।
তাদের অভিযোগ, বাহারের খামারে একটি অসুস্থ গরু মারা যায়। পরে গরুটিকে হত্যা করা হয়েছে দাবি করে থানায় অভিযোগ করে তিনি।
এদিকে অভিযোগগুলোর বিষয়ে বাহার হোসেন মানববন্ধনে উপস্থিত হয়ে অস্বীকার করেন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন।
বাহার বলেন, জমির একটি অংশ আমি ক্রয় করেছি। অন্য অংশ মালিকদের কাছ থেকে লিজ নিয়েছি। ওই জমিতে গরুর জন্য ঘাস চাষ করি। কিন্তু প্রতিপক্ষের লোকজন ঘাসের জমিতে হালচাষ করে নষ্ট করে দেয়। এছাড়া তার খামারের একটি গরুর শরীরে প্রতিপক্ষের লোকজন আঘাত করেছে। এতে অসুস্থ হয়ে গরুটি মারা গেছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলমের মোবাইলফোনে একাধিক কল করলেও রিসিভ করেননি।


