শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হিরের আংটি ও রহস্যময় সঙ্গী, গোপনে বাগদান সারলেন আয়েশা খান?

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১২:১৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাগদানের জল্পনায় ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেত্রী আয়েশা খান। অনামিকায় ঝলমলে হিরের আংটি এবং এক রহস্যময় পুরুষের সঙ্গে ছবি প্রকাশের পর থেকেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। তবে সত্যিই কি বাগদান সেরেছেন আয়েশা, নাকি এটি শুধুই কোনো ফটোশুটের অংশ- এখনও নিশ্চিত নয় কিছুই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেন আয়েশা। ছবিতে সাদা পোশাকে এক রহস্যময় পুরুষের সঙ্গে দেখা যায় তাকে। কখনও দুজনকে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে, আবার কখনও ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। তবে ওই ব্যক্তির মুখ আড়ালেই রেখেছেন আয়েশা।

ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর অনামিকায় থাকা হিরের আংটি। এরপরই শুরু হয় বাগ্‌দানের গুঞ্জন। অনেক অনুরাগী ছবির নিচে তাকে শুভেচ্ছাও জানিয়েছেন। কেউ কেউ আবার জানতে চেয়েছেন, ছবিতে থাকা বিশেষ মানুষটি আসলে কে।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি আয়েশা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ছবিগুলো কোনো গয়না প্রতিষ্ঠানের প্রচারচিত্র বা ফটোশুটের অংশ হওয়ার সম্ভাবনাই বেশি। আয়শার ছবির ক্যাপশনও সেই ইঙ্গিত দিচ্ছে। ছবিগুলোর সঙ্গে তিনি লিখেছেন, ‘একটা স্বপ্ন।’ ফলে আপাতত তার বাগ্‌দানের খবরকে নিশ্চিত না করে জল্পনা হিসেবেই দেখা হচ্ছে।

‘বিগ বস ১৭’-এ অংশ নেওয়ার পর দর্শকদের কাছে পরিচিতি পান আয়েশা খান। এরপর অভিনয়েও নজর কাড়েন তিনি। বিশেষ করে ‘ধুরন্ধর’ সিনেমার জনপ্রিয় গান ‘শরারত’-এ তার উপস্থিতি তাকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। গানটিতে তার সঙ্গে ছিলেন ক্রিস্টল ডি’সুজা। করাচির একটি জাঁকজমকপূর্ণ বিয়ের আবহে নির্মিত গানটি দর্শকদের মধ্যেও বেশ সাড়া ফেলে।

‘শরারত’-এর শুটিংয়ের অভিজ্ঞতা নিয়েও এর আগে কথা বলেছিলেন আয়েশা। জানিয়েছিলেন, মাত্র দুই দিনে গানটির শুটিং শেষ করতে হয়েছিল। টানা কাজ ও নাচের কারণে শারীরিকভাবে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। এর মধ্যে ঋতুস্রাব চলায় শরীরও ভালো ছিল না। একপর্যায়ে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী। তবে সেই কান্না ছিল আনন্দের।

এর আগে ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেও আলোচনায় এসেছিলেন আয়েশা। আন্দোলনের সময় মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনা তুলে ধরেছিলেন অভিনেত্রী।

এবার অবশ্য ব্যক্তিগত জীবনের সম্ভাব্য নতুন অধ্যায় নিয়েই আলোচনায় আয়েশা। অনামিকায় হিরের আংটি, পাশে রহস্যময় পুরুষ আর ক্যাপশনে ‘একটা স্বপ্ন’- সব মিলিয়ে ভক্তদের মনে একটাই প্রশ্ন, সত্যিই কি বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী? আয়েশার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সেই উত্তর অজানাই থাকছে।

সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank