

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতির নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
বার্তায় সালাহউদ্দিন আহমদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও যুগান্তকারী ঘটনা।
তিনি বলেন, মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবন দেশের মানুষের অধিকার আদায় এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক উজ্জ্বল দলিল। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি কয়েক দশক ধরে যে ত্যাগ-তিতিক্ষা, সাহসিকতা ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মির্জা ফখরুলের মতো একজন অভিজ্ঞ, দূরদর্শী ও দেশপ্রেমিক নেতা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়া দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গৌরবময় স্বীকৃতি।
নবনির্বাচিত রাষ্ট্রপতির দক্ষ ও সঠিক দিকনির্দেশনায় দেশে আইনের শাসন এবং বহুদলীয় গণতন্ত্র আরও সুসংহত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অভিনন্দন বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


