মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হেলিকপ্টারে এলাকায় এলেন মেয়র প্রার্থীর ভাই, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ওসি

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
expand

কুষ্টিয়ার খোকসায় হেলিকপ্টারে করে নিজ এলাকায় ফেরা নাসির উদ্দিন শেখ নামে এক আদম ব্যবসায়ীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন। এঘটনার একটি ভিডিও সহ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তা নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে যোগে ঢাকা থেকে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নাসির উদ্দিন শেখ খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা। তিনি খোকসা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী মো. রবিন রায়হান জসিমের ছোট ভাই।

স্থানীয়দের অভিযোগ, নাসির উদ্দিন শেখ সিঙ্গাপুরপ্রবাসী ব্যবসায়ী হলেও তিনি আদম ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণা ও চেক জালিয়াতিসহ একাধিক মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে বলেও দাবি করেন তারা। এসব অভিযোগের প্রেক্ষাপটে একজন পুলিশ কর্মকর্তার পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনায় প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়রা আরও জানান, সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরার পর দ্রুত নিজ এলাকায় পৌঁছাতে নাসির উদ্দিন শেখ হেলিকপ্টার ভাড়া করেন। রোববার দুপুরে হেলিকপ্টারটি খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করলে তাঁকে দেখতে সেখানে শত শত মানুষ ভিড় করেন। এ সময় অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার থেকে নেমে আসার পর নাসির উদ্দিন শেখকে কয়েকজন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন ও পরিদর্শক (তদন্ত) মো. মোশারফর হোসেনকেও দেখা যায়।

তবে ফুল দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন। তিনি বলেন, এ ধরনের ব্যক্তিকে আমরা ফুল দিতে পারি না। দেইওনি। যাদের লোক, তারাই ফুল দিয়েছে। আমরা নিরাপত্তার জন্য গিয়েছিলাম। তখন তাঁরাই তদন্ত কর্মকর্তাকে ফুল দিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন,বিষয়টি আগে ভালো করে জেনে নিই। পরে বিস্তারিত বলা যাবে।

এদিকে পুলিশ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানোর ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও সমালোচনা দেখা দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank