মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
লোডশেডিং ঘিরে নাশকতার আশঙ্কা

কুষ্টিয়ায় বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৪:১২ পিএম
কুষ্টিয়ায় বিদ্যুৎ অফিস
expand
কুষ্টিয়ায় বিদ্যুৎ অফিস

বিদ্যুৎ ঘাটতির কারণে কুষ্টিয়ায় ব্যাপক লোডশেডিং হচ্ছে। এ পরিস্থিতিতে জনমনে অসন্তোষ থেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও বিদ্যুৎ স্থাপনায় নাশকতার আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই জেলার গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশের কাছে চিঠি দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।

মঙ্গলবার (১২ আগস্ট) কুষ্টিয়ার পুলিশ সুপারের কাছে এ চিঠি দেওয়া হয়। চিঠির অনুলিপি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে।

ওজোপাডিকোর কুষ্টিয়া কার্যালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদন স্বল্পতার কারণে সারাদেশের মতো বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ওজোপাডিকো, কুষ্টিয়ার আওতাধীন এলাকাতেও ব্যাপক হারে লোডশেডিং করতে হচ্ছে। এতে জনমনে অসন্তোষ বিরাজ করছে এবং যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এমন সংকটময় পরিস্থিতিতে কেপিআইভুক্ত স্থাপনাসহ গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক স্থাপনায় নাশকতার আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সুরক্ষিত রাখতে এসব এলাকায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি পুলিশি নজরদারি বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, বুধবার সকালে তিনি চিঠিটি দেখেছেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তার স্বার্থে নিয়মিত পুলিশি নজরদারি রয়েছে। পাশাপাশি পুলিশ ও গোয়েন্দা বিভাগকে এসব স্থাপনায় নজরদারি বাড়াতে বলা হয়েছে।

এদিকে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বলছেন, লোডশেডিং পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিদ্যুৎ স্থাপনায় নাশকতা না ঘটে, সে বিষয়টি মাথায় রেখেই নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank