

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে সামনে রেখে যশোর ও নড়াইল অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৬।
নির্বাচন কমিশনের নির্দেশনা এবং র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্দেশ মোতাবেক ইতোমধ্যে নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে একাধিক টহল দল ও গোয়েন্দা ইউনিট।
র্যাব-৬ সূত্র জানায়, যশোর অঞ্চলের আওতাধীন দুইটি জেলার আটটি সংসদীয় আসনে মোট ১৬টি টহল দল এবং গোয়েন্দা ইউনিট কাজ করছে। এই টহল কার্যক্রম ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নির্বিঘ্ন করতে শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট, যেখানে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
বিশেষ করে যশোর জেলার ছয়টি সংসদীয় আসনকে গুরুত্ব দিয়ে র্যাব-৬ এর সিপিসি-৩ যশোর কোম্পানির অধীনে ১২টি টহল দল কাজ করছে।
পাশাপাশি নড়াইল জেলায় ৪টি টহল দল মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিয়মিত যৌথ টহল পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
এ বিষয়ে র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স সংবাদ সম্মেলনে বলেন, “নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। জনগণ যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি সন্দেহজনক কোনো ব্যক্তি বা উশৃঙ্খল কার্যকলাপ দেখা গেলে তাৎক্ষণিকভাবে র্যাব বা নিকটস্থ থানায় জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন