সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

হবিগঞ্জ  প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৭:০৯ এএম
হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
expand
হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা বা যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ, মহাসড়ক এবং উপজেলা পর্যায়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে জেলার বিভিন্ন কৌশলগত স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চেকপোস্টগুলোতে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করছেন এবং সন্দেহজনক ব্যক্তি ও মালামাল তল্লাশি করছেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় নিয়মিত টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।

বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কসহ জেলার ব্যস্ততম সড়কগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, পরিস্থিতি বিবেচনায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা পুলিশ সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে এবং কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ থানায় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন