শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৮:১৬ পিএম
গ্রেফতার আফজল মিয়া।
expand
গ্রেফতার আফজল মিয়া।

হবিগঞ্জের লাখাই উপজেলায় ৭ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব।

শুক্রবার (১২ জুন) র‌্যাব-৯ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানা এলাকার মনোগ্রাম এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অপহৃত ওই শিক্ষার্থীকে।

গ্রেপ্তারকৃত আসামি হলেন আফজল মিয়া (২২)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার গরিব হোসেন মহল্লার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম লাখাই উপজেলার একটি মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী। গত ২১ এপ্রিল প্রতিদিনের মতো মাদ্রাসায় গেলেও দুপুরে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে জানতে পারেন, আফজল মিয়া তাকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে গেছে।

পরবর্তীতে ভিকটিম ফোনে পরিবারের সদস্যদের জানান, তাকে জোরপূর্বক কুমিল্লা রেলস্টেশন সংলগ্ন একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করা হচ্ছে।

এ ঘটনায় ভিকটিমের বাবা লাখাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে কুমিল্লায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন