রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত হতে দেওয়া হবে না: জামায়াত আমির

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ পিএম আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম
নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
expand
নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠন করাই তাদের অঙ্গীকার। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেশকে আর কোনোভাবেই বিভক্ত করতে দেওয়া হবে না। একটি আধুনিক, বৈষম্যহীন ও মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়েই তারা রাজনীতি করছেন বলে তিনি উল্লেখ করেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “কেউ কেউ বিদেশ থেকে বসন্তের কোকিলের মতো আসে, আবার একটু ঝামেলা হলে চলে যায়। কিন্তু আমরা কোথাও যাইনি, ভবিষ্যতেও যাব না ইনশা আল্লাহ।”

তিনি বলেন, ভোটের আগে অনেকেই আপন-ভাই বলে ডাকেন, কিন্তু ভোটের পর মানুষের খোঁজ রাখেন না শালার নজরেও দেখেন না।। এ ধরনের ভোটকেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের প্রকৃত সেবা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ১২ তারিখে বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত তাদের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো পুরোনো দুর্বৃত্ত যেন নতুন পরিচয়ে ফিরে এসে দেশের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

হবিগঞ্জের সম্ভাবনার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, এ জেলায় রয়েছে বনাঞ্চল, সিলিকা বালু, গ্যাস, চা শিল্পসহ বিপুল প্রাকৃতিক ও খনিজ সম্পদ।

পরিকল্পিত উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা গেলে পাঁচ বছরেই হবিগঞ্জের দৃশ্যমান পরিবর্তন সম্ভব। ঐতিহাসিক চা বাগানগুলো আধুনিকায়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে আমূল পরিবর্তন আনা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বেকার যুবক দেখতে চাই না। প্রতিটি মানুষের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই।” মেধার ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

স্বাস্থ্যখাত নিয়ে বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্ব পেলে প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। হবিগঞ্জে একটি বিশেষায়িত হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। তিনি দাবি করেন, অতীতে পাচার হওয়া বিপুল অর্থ দেশে ফিরিয়ে এনে উন্নয়ন কাজে ব্যয় করা হবে।

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, এক শ্রেণির মানুষ সাধারণ ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদা আদায় করেছে, যা অত্যন্ত লজ্জাজনক। তারা রাষ্ট্রীয় দায়িত্বে গেলে দেশে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা হবে বলে প্রতিশ্রুতি দেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচিত হলে প্রতি বছর জনগণের কাছে আয়-ব্যয়ের হিসাব তুলে ধরার ঘোষণাও দেন তিনি।

দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, সন্ত্রাস ও দুর্নীতির কারণে দেশের মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বৈষম্যহীন সমাজ গঠনে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। দেশের মা-বোনদের বিভিন্ন সময়ে অপমান ও নিগৃহীত করার অভিযোগে দায়ীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

সমাবেশে হবিগঞ্জ জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, হবিগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ, হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও সদ্য জামায়াতে যোগদানকারী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানসহ ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও নেতৃবৃন্দ।

সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ জনসমাবেশকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজন হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X