বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাহুবলে টমটম চালক কাশেম হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ  প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম
গ্রেপ্তারকৃত আসামি এমরান মিয়া (৩০)
expand
গ্রেপ্তারকৃত আসামি এমরান মিয়া (৩০)

হবিগঞ্জের বাহুবলে টমটম চালক কাশেম (৩৩) হত্যা মামলার মূল আসামি এমরান মিয়া (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), হবিগঞ্জ জেলা। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

পিবিআই সূত্র জানায়, বাহুবল থানার মামলা নং-০৬ ছায়াতদন্ত শেষে গত বছরের ১০ আগস্ট পিবিআই হবিগঞ্জ হাতে নেয়।

এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ তদন্ত চালিয়ে গত সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ধুলিয়াখাল পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক অবস্থায় থাকা আসামি এমরান মিয়াকে গ্রেফতার করে পিবিআইয়ের একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামি এমরান মিয়া (৩০) বাহুবল উপজেলার লামাতাসি গ্রামের দরবেশ আলীর ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল। অভিযানে আরও অংশ নেন এসআই মাহমুদ, এএসআই মীর শাহিন এবং ড্রাইভার কং/আজিম মোল্লা।

পিবিআই জানায়, সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে আসামি এমরান মিয়া সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সিলেটসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

এ মামলায় এর আগে এমরানের সহযোগী ফারুককে গ্রেফতার করে রিমান্ডে আনা হলে জিজ্ঞাসাবাদে কাশেম হত্যাকাণ্ডে এমরান মিয়ার সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পিবিআই এমরানের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে।

পিবিআই সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুস্পষ্ট তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দীর্ঘদিন পর মূল আসামি গ্রেফতার হওয়ায় নিহত কাশেমের পরিবার ন্যায়বিচার প্রাপ্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে এবং পিবিআইয়ের প্রতি তাদের আস্থার কথা জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X