

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
এ বিষয়ে এক ব্রিফিংয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান, বিজিওএম জানান, সরকারের নির্দেশনা ও নির্বাচন কমিশনের সকল নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে বিজিবি নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, হবিগঞ্জ জেলার সীমান্তে ১৬টি বিওপির মাধ্যমে প্রায় ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি জেলার ৪টি সংসদীয় আসনের ৯টি উপজেলায় মোট ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
ইতোমধ্যে প্রতিটি উপজেলায় পৃথক পৃথকভাবে বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করছে বিজিবি সদস্যরা।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
জেলার ৯টি উপজেলার মোট ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটাররা যেন নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই বিজিবির প্রধান লক্ষ্য বলে জানান তিনি।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত ভোটকেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা মহড়া অব্যাহত রয়েছে।
বিশেষ করে সীমান্তবর্তী মাধবপুর ও চুনারুঘাট উপজেলা এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।
এসব এলাকার সীমান্তবাসী ভোটাররা যেন ভয়মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও জোরদার রেখেছে বিজিবি।
অধিনায়ক জানান, গত ১ নভেম্বর ২০২৫ থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন সদর ও সীমান্তের ১৬টি বিওপি থেকে পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে ৭ জন আসামিসহ প্রায় ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, হবিগঞ্জ জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে বিজিবির দিবারাত্রি নিরবচ্ছিন্ন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। বিজিবি তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা অবিচল থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন
