

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহিদ প্যাদাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযানে মাদক, দেশীয় অস্ত্র, অবৈধ সিগারেট ও ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়। সহিদ প্যাদা বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার দিবাগত রাত ৪টা থেকে বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত আগরপুর ইউনিয়নের চর উত্তর ভুতেরদিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
বাবুগঞ্জস্থ বরিশাল ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল হক-৬২ ইবি এর নেতৃত্বে গৌরনদী ও আগৈলঝড়া আর্মি ক্যাম্পের সদস্যরা যৌথভাবে অভিযান চালান।
আটককৃতদের বুধবার(৪ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সহিদ প্যাদা ওরফে গলাকাটা প্যাদা (৪৯), মো. সিরাজুল ইসলাম (৬৩), মো. মামুন খান (৩৫), মো. অসীম ব্যাপারী (২৮) ও মো. সুলতান (৪৭)।
তারা বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ৩২ হাজার প্যাকেট অবৈধ সিগারেট, একটি অটোমেটিক চাকু, একটি চায়নিজ কুড়াল, তিনটি চাপাতি, পাঁচটি রামদা, তিনটি ল্যাপটপ, একটি প্রিন্টার ও মনিটর, ৪০,৫৯১৭ টাকা নগদ, একটি ইলেকট্রিক শক মেশিন, ২৭ পিস ইয়াবা, মাদক সেবনের উপকরণ, চারটি মোবাইল ফোন, দুটি মাদক মাপার যন্ত্র ও তিনটি ব্যাংকের চেক বই।
সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযান শেষে আজ বিকাল ৩টায় তাদের বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বাবুগঞ্জ থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সহিদ প্যাদার নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।
মন্তব্য করুন
