বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের আইটি কর্মকর্তাকে গ্রেফতারের বিষয়ে যা জানাল ডিবি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেফতার ছরওয়ারে আলমের সংশ্লিষ্টতা রয়েছে কি না তা তদন্ত এবং ফরেনসিকের পর বলা যাবে জানিয়েছে ডিবি।

বুধবার রাতে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান শফিকুল ইসলাম।

তিনি বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করে দলটি। সাধারণ ডায়েরিটি সাইবার সংক্রান্ত হওয়ায় ডিবির কাছে তদন্তভার দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে ছরওয়ারে আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়।

এ ঘটনায় এরইমধ্যে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে। নিবিড় তদন্তের জন্য মামলাটি ডিবির কাছে ন্যস্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে আনা ব্যক্তির ব্যবহৃত মোবাইল ও কম্পিউটারের হার্ডডিস্ক এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে জব্দ আলামতের ফরেনসিক করা প্রয়োজন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অহেতুক বিভ্রান্তি না ছড়ানো এবং সুষ্ঠু তদন্তে পুলিশকে সহযোগিতা করার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

আটক ব্যক্তিকে গ্রেফতার দেখানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, হাতিরঝিল থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আটক ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছেন কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, তদন্ত এবং ফরেনসিক প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তে স্বার্থে যা যা করার দরকার সবকিছু করা হবে।

মামলা হওয়ার আগে বঙ্গভবনে সার্চ করা যায় কি না প্রশ্ন করা হলে ডিবিপ্রধান বলেন, যে কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে তারা বলতে পারবে।

গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য।

পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X