

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল (৫১) এর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শেরপুর শহরের পৌর পার্ক মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
জানাজায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা এটিএম মাসুম, ড. সামিউল হক ফারুকী, শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানসহ জামায়াতের জেলা ও উপজেলার নেতাকর্মী, বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেয়।
এরপর বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানেও নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় মাঠ দু’টি কানায় কানায় ভরে উঠে। মাঠে জায়গা সংকুলান না হওয়ায় রাস্তায় নামাজ আদায় করে জানাযায় আগত লোকজন। পরে উপজেলার পোড়াগর এলাকায় তার পারিবারিক করস্থানে দাফন করা হয়।
এদিকে, এ ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনী কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন।
এর আগে, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। পরে তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে ময়মনসিংহ শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
নিহত নুরুজ্জামান বাদল শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারী ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য এবং তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি শ্রীবরদী পৌরসভার দক্ষিণ পোড়াগড় গ্রামের মৃত মুহাম্মমদ আলীর ছেলে। তার মৃত্যুতে শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে। আলহাজ্ব নুরুজ্জামান বাদল শেরপুর-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবেও পরিচিত ছিলেন। তার মৃত্যুতে শেরপুর জেলার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নিহত নুরুজ্জামান বাদলের ভাই আলহাজ্ব মাসুদুর রহমান বলেন, বাদল কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। প্রতি সপ্তাহে একাধিকবার তার ডায়ালায়সিস করতে হতো। মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি অসুস্থতাবোধ করেন। হঠাৎ রাতে তার শ্বাসকষ্ট উঠে। তারপর ময়মনসিংহ মেডিকেলে যাওয়ার পথে মৃত্যু হয়।
এদিকে, তার মৃত্যুতে আসনটির জমজমাট নির্বাচনী আমেজে ভাটা পরলেও তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, বাদল আমার কাছের ছোটভাই ছিলো। বিগত দিনে আওয়ালীগের বিরুদ্ধে ৪ দলীয় জোটের আন্দোলন সংগ্রামে সে মুখ্য ভুমিকা পালন করেছি। আমরা দুইজন মিলে পরামর্শ করে আন্দোলন করেছি। তার অকাল প্রয়ানে আমরা শোকাহত।
নির্বাচন বাতিলের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, আরপিও এর বিধান অনুযায়ী নির্বাচন বাতিল ছাড়া আর কোন বিকল্প রাস্তা নেই। গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন বাতিল করা হয়েছে। আবার নতুন করে তফসিল ঘোষণা করা হবে। তবে, ১২ তারিখের আগে আর নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয় বলেও তিনি জানান।
মন্তব্য করুন
