শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে যাচ্ছেন তারেক রহমান, প্রস্তুতি সম্পন্ন

এম এ রাজা, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০২:১০ পিএম আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম
হবিগঞ্জে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ
expand
হবিগঞ্জে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে আগমন করবেন।

তার আগমনকে কেন্দ্র করে জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে অনুষ্ঠিতব্য জনসভাকে সামনে রেখে গত ৮ থেকে ১০ দিন ধরে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপির নেতাকর্মীরা। জনসভাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে চাদরবেষ্টনী তৈরি করা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী বেলা আড়াইটায় জনসভা শুরুর কথা থাকলেও বিকেল চারটার দিকে তারেক রহমান সভাস্থলে উপস্থিত হতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এরপর সাড়ে ১২টায় মৌলভীবাজার জেলার আইনপুর খেলার মাঠে এবং আড়াইটায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে জনসভায় অংশ নেবেন।

পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ার কুট্টাপাড়া, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার মাঠে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

হবিগঞ্জের জনসভাস্থলের মঞ্চ নির্মাণ ও প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব জি কে গউছ। এ সময় তিনি মঞ্চের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং নেতাকর্মী ও সমর্থকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

নিরাপত্তা বিষয়ে হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি সিএসএফ সদস্য ও বিএনপির স্বেচ্ছাসেবক দলও নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

সব মিলিয়ে, তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে হবিগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের আশা, জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন