

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ধনঞ্জয়খালী এলাকায় নির্মাণাধীন একটি গুরুত্বপূর্ণ সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়েছে। কয়েকদিন আগে শেষ হওয়া ঢালাই করা রাস্তার একটি বড় অংশ কয়েক ফুট নিচে ঢেবে যাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম ও নিম্ন মানের সামগ্রী ব্যবহারের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে তুরাগ নদের পশ্চিম তীরে এই সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কাজটির দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউসিসিএল।
সিটি করপোরেশনের তথ্যমতে, প্রকল্পের ১২ নম্বর প্যাকেজের অধীনে ১ হাজার ১৫০ মিটার সড়ক নির্মাণের প্রাক্কলিত ব্যয় ছিল ১০ কোটি ৮০ লাখ টাকা। তবে কার্যাদেশ দেওয়া হয় ১১ কোটি ৬৪ লাখ ৪১ হাজার টাকারও বেশি মূল্যে। একইভাবে ৫ নম্বর প্যাকেজের আওতায় ১২ হাজার ৪৬ মিটার সড়কের কাজও প্রাক্কলিত ব্যয়ের চেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ২৮ লাখ টাকায় দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, জাতীয় নির্বাচনের ঠিক আগে তড়িঘড়ি করে রাস্তার ঢালাই কাজ শেষ করা হয়। কিন্তু ঢালাইয়ের মাত্র তিন দিনের মাথায় সড়কে বড় বড় ফাটল দেখা দেয়। এর কিছু সময়ের মধ্যেই সড়কের একটি বিশাল অংশ কয়েক ফুট নিচে দেবে যায়। সরেজমিনে দেখা গেছে, ধনঞ্জয়খালী এলাকায় কয়েক কিলোমিটার সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও মাঝপথে ধসে যাওয়ায় পুরো সড়কটি এখন ঝুঁকিপূর্ণ।
কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান জানান, নদীর পাড়ে রাস্তা হওয়ায় এটি প্রাকৃতিক কারণে বা পরিকল্পনার ত্রুটির কারণে হতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে। অন্যদিকে, সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ কে এম হারুনুর রশীদ জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীদের দাবি, সরকারি অর্থের অপচয় রোধে অবিলম্বে এই দুর্নীতির তদন্ত করতে হবে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সড়কটি পুনরায় মানসম্মতভাবে সংস্কার করার দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য করুন