মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়
expand
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়

ফরিদপুরে অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক চালককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামের ইলিয়াস শেখের কলাবাগান থেকে দিপু শেখ (৪০) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় নিহতের অটোরিক্সাটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিহত দিপু শেখ ফরিদপুর পৌরসভার রঘুনন্দনপুর এলাকার মৃত জায়েদ আলী শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নিহতের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

মরদেহের পাশে গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম এবং একটি গাঁজা কাটার ছুরি পাওয়া গেছে। জানা গেছে, বুধবার অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর তিনি ফেরেননি।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কলাবাগানে কাজ করতে গিয়ে ইলিয়াস শেখ মরদেহটি পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিআইডির একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করা হলেও অটোরিক্সাটির সন্ধান পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও অটোরিক্সাটি উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup