

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে দিনাজপুর জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা জেলা কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন।
এ সময় তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেলফিও তুলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে দিনাজপুর শহরের বাসুলিয়াপট্টির কার্যালয়ের সামনে জড়ো হন চার থেকে পাঁচজন নেতা-কর্মী। পরে তারা তালা খুলে কার্যালয়ে প্রবেশ করে কিছু সময় অবস্থান করেন। তাদের স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন দিলীপ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুহানা নিশাত বিথী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুজ্জামান, পাল্টাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।
তারা ৫ আগস্টের হামলায় ক্ষতিগ্রস্ত কার্যালয়টি দ্রুত সংস্কারের দাবি জানান।
এদিকে জেলার বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যালয় উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান বিপ্লবের নেতৃত্বে খোলা হয়।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী বলেন, ‘কার্যালয়ের দরজা-জানালা বর্তমানে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। কারা স্লোগান দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের গোয়েন্দা সংস্থার সদস্যরা বিষয়টি তদন্ত করছেন। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে, তাই জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন