শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ৮৪৪ ভোট কেন্দ্রে ৪৯৯৩টি সিসি ক্যামেরা স্থাপন

‎দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

‎দিনাজপুরে ৬টি সংসদীয় আসনের সকল কেন্দ্রের প্রবেশ পথে ও কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ৮৪৪টি ভোট কেন্দ্রের প্রধান গেট ও ৪ হাজার ৯৯৩টি ভোট গ্রহণ কক্ষে এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

‎তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত ভোট কেন্দ্রের প্রবেশ পথ ও প্রত্যেকটি ভোট কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ভোট কেন্দ্রের ভোট কক্ষগুলোতে গত ফেব্রুয়ারী থেকে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার ৬টি সংসদীয় আসনের ১৩ টি উপজেলায় ৮৪৪টি ভোট কেন্দ্রের প্রবেশ পথ ও ৪ হাজার ৯৯৩টি ভোট কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহমেদ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলার ৬টি সংসদীয় আসনের ১৩টি উপজেলায় ৮৪৪টি ভোট কেন্দ্রে প্রত্যেকটি ভোট কক্ষে উন্নত মানের সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ভোট কেন্দ্রে স্থাপন করা সিসি ক্যামেরাগুলো সচল করতে ট্রায়াল দেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের পূর্বে সিসি ক্যামেরাগুলো কার্যকর রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারে প্রত্যেকটি ভোট কেন্দ্রের প্রত্যেকটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের ফলে কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসাররা তাদের কক্ষে বসেই ভোট কেন্দ্রের সর্বত্র মনিটরিং করতে পারবেন। এছাড়াও যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভোট দানে বিঘ্নকারী দুষ্কৃতিকারীদের তাৎক্ষণিক সনাক্ত করা সহজ হবে।

‎এবারে জেলায় ৮৪৪টি ভোট কেন্দ্রে ৮৮৭ জন প্রিজাইডিং অফিসার, ৫ হাজার ২৪১ জন সহকারী প্রিজাইডিং এবং ১০ হাজার ৪৮৬ জন পোলিং অফিসারসহ মোট ১৬ হাজার ৬১৪ জন জনবল ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত আছেন।

এসব জনবলের মধ্যে দিনাজপুর-১ আসনে (বীরগঞ্জ-কাহারোল) ২ হাজার ৫৮৭ জন, দিনাজপুর-২ আসনে (বিরল- বোচাগঞ্জ) ২ হাজার ৩১৩ জন, দিনাজপুর-৩ (সদর) আসনে ২ হাজার ৫৫৩ জন, দিনাজপুর-৪ আসনে (চিরিরবন্দর- খানসামা) ২ হাজার ৬২৫ জন, দিনাজপুর-৫ আসনে (পার্বতীপুর-ফুলবাড়ী) ২ হাজার ৯৫৭ জন এবং দিনাজপুর-৬ আসনে (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) ৩ হাজার ৫৯৯ জনকে নিয়োগ করা হয়েছে।

‎নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বলেন, ভোট গ্রহণের দিনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ৬ টি আসনের ১৩ টি উপজেলায় ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রত্যেকটি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে নিয়োজিত থাকবেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটানার সংবাদ পাওয়ামাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হবেন। নির্বাচন কমিশনের আইন ও বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাৎক্ষণিক সমাধান করবেন বলে তিনি অবহিত করেন।

‎দিনাজপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Croatia VS Ghana
Scheduled
28 Jun, 03:00 AM
VS
World Cup