শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর নিহত

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৩:০৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে দুই কিশোর গ্যাং সদস্যদের সংঘর্ষে নাঈম মোল্লা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের ডিপজলের গলিতে এই ঘটনা ঘটে।

নিহত নাঈম মোল্লা মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার মজিদ মোল্লার ছেলে। সে দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা পানির ট্যাংকি এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করত এবং স্থানীয় একটি জিন্স প্যান্ট তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার কিশোরদের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে বিরোধ চলছিল। গত রমজান মাসে তারাবির নামাজকে কেন্দ্র করে প্রতিপক্ষ তাজের সঙ্গে নাঈমের বন্ধু রবিনের বিরোধের সূত্রপাত হয়। এর ধারাবাহিকতায় কয়েক দিন আগে বুড়িগঙ্গা নদীতে নৌকায় বেড়ানোর সময় তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

এরই জেরে শনিবার গভীর রাতে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আগানগরের ডিপজলের গলিতে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাঈম মোল্লা গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নাঈমের পক্ষের রবিন (১৬) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে প্রতিপক্ষের আহত কিশোর তাজকে (১৫) মিটফোর্ড হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, নিহত নাঈম মূলত কোনো পক্ষের ছিল না। সে ঘটনাস্থলে উপস্থিত থাকায় পরিস্থিতির শিকার হয়ে প্রাণ হারায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি, তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Morocco
Scheduled
04 Jul, 11:00 PM
VS
World Cup