বুধবার
২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
এনপিবি নিউজে সংবাদ প্রকাশ

কেরানীগঞ্জে নকল এনার্জি ড্রিংকস কারখানা বন্ধ, জেল-জরিমানা 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬, ০২:১৭ পিএম আপডেট : ২০ মে ২০২৬, ০২:১৮ পিএম
কেরানীগঞ্জ উপজেলা ইউএনও’র নেতৃত্বে নকল এনার্জি ড্রিংকস তৈরির কারখানায় অভিযান
expand
কেরানীগঞ্জ উপজেলা ইউএনও’র নেতৃত্বে নকল এনার্জি ড্রিংকস তৈরির কারখানায় অভিযান

জনপ্রিয় নিউজ পোর্টাল 'এনপিবি নিউজ'-এ ক্ষতিকর উপাদানে নকল এনার্জি ড্রিংকস তৈরি নিয়ে সংবাদ প্রকাশের পর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় একটি আবাসিক বাড়িতে অভিযান চালিয়ে নামী ব্র্যান্ডের নকল এনার্জি ড্রিংকস তৈরির কারখানা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২০ মে) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক মোহাম্মদ সাদ্দাম হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে কারখানাটি বন্ধ ঘোষণা করে বিপুল পরিমাণ ভেজাল ড্রিংকস ও মালামাল জব্দ করা হয়।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, 'এনপিবি নিউজ'-এ ক্ষতিকর উপাদানে তৈরি হচ্ছে নকল এনার্জি ড্রিংকস শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। দীর্ঘদিন ধরে একটি চক্র জিনজিরার ওই আবাসিক ভবনে গোপনে স্বনামধন্য কোম্পানির 'পাওয়ার এনার্জি ড্রিংকস' নকল করে ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে বাজারজাত করে আসছিল।

সংবাদে বিষয়টি জানার পরপরই কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযান শেষে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, এ ধরনের নকল ও ভেজাল পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি এসব পানীয় সরাসরি মানুষের কিডনি বিকল করে দিতে পারে। চক্রটি সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে আসছিল। সংবাদে বিষয়টি জানার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জে কোনো ধরনের অবৈধ বা ভেজাল পণ্যের কারখানা চলতে দেওয়া হবে না। জনস্বার্থ রক্ষায় অবৈধ কারখানার বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন