

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান অভিযোগ করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষদিনে পরিকল্পিতভাবে ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও সহিংসতা ঘটানোর ষড়যন্ত্র চলছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
আমান উল্লাহ বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। জুলাই আন্দোলনে রিয়াজ, আবু সাঈদ, ওয়াসিমরা শহীদ হয়েছে। এবং সম্প্রতি ইনকিলাব মঞ্চের হাদি ও কেরানীগঞ্জের হাসান মোল্লাকেও গুলি করে হত্যা করা হয়েছে। আজও সেই একই শক্তি ভোটাধিকার হরণে মাঠে নেমেছে।
তিনি বলেন, ঢাকা-২ আসনের ১৪১টি ভোটকেন্দ্রে বহিরাগতদের দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। বিভিন্ন স্থানে ব্যালট পেপার ছিনতাইয়ের পরিকল্পনার খবর পাওয়ার কথা জানিয়ে তিনি প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
আমান উল্লাহ আরও বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে বোমা ও অস্ত্র মজুদ করা হচ্ছে, এমন অভিযোগে যৌথ বাহিনী সাভার ও কেরানীগঞ্জ এলাকায় কয়েকজনকে আটক করেছে, যা গভীর ষড়যন্ত্রের প্রমাণ।
উন্নয়নের কথা তুলে ধরে আমান সংবাদ সম্মেলনে সাবেক এই মন্ত্রী ঢাকা-২ আসন ও কেরানীগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, আমাদের সময়েই বাবুবাজার–জিনজিরা সেতু নির্মাণ হয়েছে। বুড়িগঙ্গার ওপর একাধিক সেতু করে কেরানীগঞ্জের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করা হয়েছে।
তিনি জানান, তার আমলে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, ৮টি কলেজ ও ১৫টি উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আমিনবাজার, তেতুলজোড়া ও ভাকুতা এলাকাসহ পুরো ঢাকা-২ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিএনপি সিনিয়র এ নেতা বলেন, আমি জয়ী হলে ঢাকা-২ আসনকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুমুক্ত করা হবে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে মাসিক ভাতা দেওয়া হবে। সাংবাদিকদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে। বিএনপি একটি সাংবাদিকবান্ধব দল। এ সময় তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের জন্য বিশেষ সুবিধার পরিকল্পনাও হাতে নিয়েছেন। আমরা একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মন্তব্য করুন