শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৩:৫৪ এএম
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল
expand
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতা-কর্মীরা।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি ঘিরে বিকেল গড়াতেই চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হতে থাকেন। মুহূর্তের মধ্যেই পুরো মাঠ পূর্ণ হয়ে জনসমুদ্রে রূপ নেয়।

এরপর সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চকরিয়া পৌরশহরের প্রধান সড়কসমূহ ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে চিরিঙ্গা থানা রাস্তার মাথা স্টেশন চত্বরে এসে এক বিশাল প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সালাহউদ্দিন আহমদ একজন পরিচ্ছন্ন, আপসহীন ও চরম জনপ্রিয় রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক লড়াই, অমানুষিক নির্যাতন ও গুমের বিভীষিকা পেরিয়ে তিনি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন।

একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তার ক্রমবর্ধমান রাজনৈতিক জনপ্রিয়তা এবং সরকারের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রোপাগান্ডা চালাচ্ছে।

চকরিয়া-পেকুয়া-মাতামুহুরীবাসীসহ কক্সবাজারের সর্বস্তরের মানুষ তাদের প্রিয় নেতার এই অবমাননা কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে এই কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে রাজপথেই এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

সমাবেশে বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কামরুল হাসান জাস্টিস, শ্রমিক দল সভাপতি নাছির উদ্দীন, কৃষক দল আহ্বায়ক মহিউদ্দিন পুতু ও ছাত্রদল আহ্বায়ক রেজাউল করিম

এছাড়াও আরও বক্তব্য রাখেন, যুবদল সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মিনহাজ উদ্দিন, শ্রমিক দল সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লাল্টু,কৃষক দল সদস্য সচিব আনোয়ারুল আজিম, ছাত্রদল সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ সমর্থকেরা।

এদিকে বিশাল এই রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে চকরিয়া পৌরশহরের গুরুত্বপূর্ণ স্থান ও মহাসড়কের মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা ও কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে। শেষ পর্যন্ত সব কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন