

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রায় ১৫ বছর আগে লেনদেনের সময় ভুলবশত ১০০ টাকা কম দিয়েছিলেন। সময়ের সঙ্গে সেই হিসাব ভুলে যাননি শমসের আলী।
অবশেষে পাওনাদারের হাতে সেই ১০০ টাকা তুলে দিতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা থেকে আখাউড়ায় ছুটে আসেন তিনি। তার এই সততায় মুগ্ধ হয়েছেন পাওনাদারসহ স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (৩১ জুলাই) সকালে সদর উপজেলার মজলিশপুর থেকে আখাউড়া পৌর এলাকার খড়মপুরে এসে খাদেম এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী এম এন এইচ খাদেম দুলালের হাতে ১০০ টাকা পরিশোধ করেন শমসের আলী।
শমসের আলী বলেন, প্রায় ১৫ বছর আগে বিদেশে লোক পাঠানোসংক্রান্ত একটি লেনদেনের সময় ভুল করে ১০০ টাকা কম দেওয়া হয়েছিল। বিষয়টি দীর্ঘদিন ধরেই তার মনে ছিল।
তিনি মনে করেন, অল্প হোক বা বেশি, অন্যের পাওনা পরিশোধ করা নৈতিক দায়িত্ব। পরে জানতে পারেন, ঢাকায় বসবাসকারী দুলাল খাদেম শুক্রবারে গ্রামের বাড়িতে আসেন। তাই সুযোগ পেয়ে তিনি পাওনা শোধ করতে চলে আসেন।
এম এন এইচ খাদেম দুলাল বলেন, এত বছর আগের ওই লেনদেনের কথা তার মনেই ছিল না। অনেক সময় ব্যস্ততার কারণে টাকা গুনে নেওয়া হয় না।
শুক্রবার শমসের আলী এসে ১০০ টাকা হাতে তুলে দিলে তিনি বিস্মিত হন। পরে সেই টাকা আবার শমসের আলীকেই ফিরিয়ে দিয়ে বলেন, এটি দিয়ে কিছু খেয়ে নিতে। তিনি বলেন, তার এই সততা আমাকে সত্যিই মুগ্ধ করেছে।
১৫ বছর আগের মাত্র ১০০ টাকার পাওনা পরিশোধ করতে শমসের আলীর এই উদ্যোগ স্থানীয়দের কাছেও সততা, নৈতিকতা ও দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।