

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী ১২ ফেব্রুয়ারী ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে দেশের বাঁক বদলে যাবে। দেশ নিয়ে বিএনপি যে পরিকল্পনা ঘোষণা করেছে তা বাস্তবায়ন করা হবে।
তিনি আরো জানান, দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করতে চায় বিএনপি। যার ফলে দেশে কোন বেকার থাকবে না। নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিতে হেলথ কার্ড দেয়ার কথা জানিয়ে ক্ষমতায় গেলে মাতামুহুরি উপজেলা বাস্তবায়ন, লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করাসহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন বিএনপি এই জ্যেষ্ঠ নেতা। ধানের শীষকে মানুষের, গণতন্ত্রের মার্কা উল্লেখ করে তার আশাবাদ দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ১২ই ফেব্রুয়ারী দেশের মানুষ ধানের শীষে ভোট দিবেন।
এসময় আরো বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী এডভোকেট হাসিনা আহমদ, তাদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপুসহ আরো অনেকে।
উল্লেখ্য, এবারেই প্রথম বারের মতো পিতার জন্য নির্বাচনী মঞ্চে আসলেন সালাহউদ্দিন পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ। সাঈদ ইব্রাহিম আহমদ এসময় সকলের কাছে দোয়া ও পিতার জন্য ভোট চান। এতে উপস্থিত জনতা সাঈদ ইব্রাহিম আহমদকে শুভেচ্ছা জানান।
মন্তব্য করুন
