

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার চৌদ্দগ্রামে পথযাত্রায় বক্তব্য দিতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের সাধারণ মানুষ ও রাজনৈতিক অভিজাতদের মধ্যে বৈষম্যের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।
সোমবার (১৮ মে) দুপুরে চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত পথযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম পাড়ায় আমাদের কোনো বাড়ি নেই, গাড়ি নেই। আমাদের মুরব্বিদের অনেকেরই সেখানে বাড়ি-গাড়ি রয়েছে। তাঁদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, চিকিৎসার জন্য বিদেশে যায়। অথচ সাধারণ মানুষ দেশে চিকিৎসা নেয়, দেশে পড়াশোনা করে।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের শিক্ষা ও কর্মসংস্থানের কাঠামো এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তরুণদের বিদেশমুখী হতে না হয়। তিনি বলেন, ‘আমরা বেকারমুক্ত বাংলাদেশ চাই। সরকারি প্রতিটি খাতে মেধাবীদের জায়গা দিতে হবে। একই সঙ্গে বেসরকারি খাতেও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। এসএমই খাতকে আরও গতিশীল করতে হবে। আগামী বাজেটে এসব দাবি অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। তাঁর ভাষ্য, অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির কারণে মানুষকে গ্রেপ্তার হতে হয়েছে, বর্তমান সময়েও একই ধরনের ঘটনা ঘটছে। ‘আমরা এমন বাংলাদেশ চাই না। দেশকে আরও বদলাতে হবে,’ বলেন তিনি।
আওয়ামী লীগের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, যে দলের শীর্ষ নেতারা লাখ লাখ নেতাকর্মীকে ফেলে পালিয়ে যায়, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই।’ তবে রাজনৈতিক মতভেদ থাকলেও আওয়ামী লীগের বিষয়ে অন্য দলগুলোর মধ্যে ঐক্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা উল্লেখ করে তিনি মাদকবিরোধী অবস্থানের কথাও তুলে ধরেন। তাঁর দাবি, মাদক ব্যবসায়ীরা যুবসমাজকে ধ্বংস করছে এবং এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। তিনি বলেন, ‘পুলিশ ও মাদক ব্যবসায়ী একসঙ্গে চলতে পারে না।
এনসিপি নেতা সুফিয়ান রায়হানের সভাপতিত্বে ও মামুন মজুমদারের সঞ্চালনায় পথযাত্রায় আরও বক্তব্য দেন জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির কেন্দ্রীয় নেতা নবীন্দ্র নাথ সাহা, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদ ও মাসুমুল কাউছার।