

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকার গঠনের পর সে ওয়াদা অবশ্যই পালন করে। দেশবাসীকে এই আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-খতিবদের ভাতা-এসব উদ্যোগের মাধ্যমে জনকল্যাণমুখী সরকারের যাত্রা শুরু হয়েছে। আর কুমিল্লাকে বিভাগ করার দাবি যদি জনগণের হয়, তবে ‘জনগণের সরকার’ হিসেবে তা বাস্তবায়ন করা হবে।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার খেলার মাঠের পাশে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর সফরের পথে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশে এই পথসভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা ক্ষমতায় এসে শুধু কথাই বলিনি, কাজও শুরু করেছি। কৃষকদের জন্য কৃষি কার্ড, সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে ইমাম ও ওয়াজিরদের জন্য বিশেষ ভাতা চালু করা হয়েছে। এগুলো প্রমাণ করে, বিএনপি জনগণের মুখোমুখি হয়ে যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।
দেশ পুনর্গঠনের এই যাত্রায় সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘একা হাতে তালি বাজে না। দেশকে এগিয়ে নিতে হলে সরকার ও জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা সেই সংকল্প নিয়েই এগিয়ে চলছি।
কুমিল্লা বিভাগ করার প্রতিশ্রুতি ও কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কুমিল্লাকে বিভাগ করার দাবি যদি স্থানীয় জনগণের হয়, তবে আমরা তা মান্য করব। কারণ, আমরা জনগণের সরকার। জনগণের দাবি ও অধিকার আদায় করাই আমাদের মূল লক্ষ্য। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এই দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় বরুড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর এই ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন। পথসভায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতারা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে কুমিল্লাকে আলাদা প্রশাসনিক বিভাগ করার দাবি জোরদার হচ্ছে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই কুমিল্লাবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।