

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষায় অনিয়ম কোনো ভাবেই সহ্য করা হবে না। যেখানে নকল, সেখানে কঠোর অবস্থান নেয়া হবে। তবে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো শিক্ষক আক্রান্ত হলে সরকার তাঁর পাশে থাকবে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় কুমিল্লা শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ সালে কুমিল্লার আমড়াতলী হাই স্কুল থেকে প্রথম নকল প্রতিরোধ কার্যক্রম শুরু হয়েছিল। সে সময় দুজন শিক্ষককে গ্রেপ্তারও করা হয়।
তিনি দাবি করেন, ওই সময় শিক্ষকদের সহযোগিতায় নকলবিরোধী আন্দোলন সফল হয়েছিল।
তিনি বলেন, শিক্ষকদের আমি সবসময় সুরক্ষা দিয়েছি। কোনো শিক্ষক আহত হলে তাকে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হতো। কিন্তু শিক্ষায় অনিয়ম হলে কোনো ছাড় দেওয়া হবে না।
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, সঠিকভাবে শিক্ষাদান করলে তা ‘সদকায়ে জারিয়া’ হিসেবে গণ্য হবে। তিনি শিক্ষা মন্ত্রণালয়কে ‘ইবাদতখানা’ হিসেবে উল্লেখ করে বলেন, এখানে অসৎ কাজের সুযোগ নেই।
ড. মিলন বলেন, ১৯৭২ থেকে ২০০১ সাল পর্যন্ত শিক্ষকেরা নকলের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু ২০০১ থেকে ২০০৬ সালে আমরা নকলের বিরুদ্ধে সংগ্রাম করেছি, তখনও শিক্ষকেরাই সহযোগিতা করেছেন। সরকার যেমন চায়, শিক্ষকেরা সেভাবেই কাজ করেন।
আগামী এসএসসি পরীক্ষার প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালের পরীক্ষায় কোনো প্রতিষ্ঠানের পাসের হার শূন্য হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।
এ সময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন