সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিং নিরাপদ করার দাবিতে জামায়াতের মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম
জামায়াতের মানববন্ধন
expand
জামায়াতের মানববন্ধন

কুমিল্লার বিভিন্ন অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ট্রেন দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখা। এ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেলপথ মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—অরক্ষিত রেলক্রসিংয়ে দক্ষ গেটম্যান নিয়োগ, আধুনিক গেটবার ও সিগন্যাল বাতি স্থাপন, অবৈধ ক্রসিং বন্ধ বা সংস্কার, রেললাইন-সংলগ্ন অবৈধ দখল উচ্ছেদ ও জনসচেতনতা বৃদ্ধি, এবং সাম্প্রতিক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করা।

মানববন্ধনে বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব হলেও কুমিল্লার অধিকাংশ রেলক্রসিং এখনো অরক্ষিত অবস্থায় রয়েছে, যা অবহেলার পরিচায়ক। তিনি আরও বলেন, রেলক্রসিংগুলোতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করলে দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয়।

এ সময় আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, অ্যাডভোকেট নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ। কর্মসূচি পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মাহবুবর রহমান।

স্মারকলিপিতে বলা হয়, কুমিল্লার বিভিন্ন এলাকায় অরক্ষিত ও অবৈধ রেলক্রসিংয়ের সংখ্যা বাড়ায় সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানি ও পঙ্গুত্বের ঘটনা বাড়ছে, যা জনমনে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করেছে।

এতে উল্লেখ করা হয়, গত ২১ মার্চ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত হন এবং অনেকে আহত হন। সংশ্লিষ্ট ক্রসিংয়ে গেটম্যানের অবহেলা ও নিরাপত্তাহীনতাকে এ দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন