শনিবার
০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম
কুমিল্লায় বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
expand
কুমিল্লায় বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি মৎস্য খামারের পরিত্যক্ত ভবন থেকে ককটেল তৈরির সরঞ্জাম বলে সন্দেহ করা হচ্ছে-এমন বিভিন্ন উপকরণ ও বিপুল পরিমাণ জিআই পাইপ উদ্ধার করেছে যৌথবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পেড়িয়া ইউনিয়নের মগুয়া এলাকার আল বাশারাত মৎস্য খামারে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

যৌথবাহিনীর সদস্যরা জানান, উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে গন্ধক, মইনজাল, পুয়েল পেপার, সিলেকশন পাথর, দুই শতাধিক খালি জর্দার কৌটা এবং শতাধিক জিআই পাইপ। প্রাথমিকভাবে এগুলো ককটেল তৈরির কাজে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কয়েক দিন ধরে কিছু ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে খামারটিতে যাতায়াত করছিলেন। বুধবার দুপুরে একটি মাইক্রোবাসে করে কয়েকজন সেখানে এসে কিছু সময় অবস্থান করেন। পরে তাঁদের কয়েকটি ব্যাগভর্তি মালামাল নিয়ে চলে যেতে দেখা যায়। এতে সন্দেহ হলে স্থানীয়রা খামারের পরিত্যক্ত ভবনে গিয়ে বিস্ফোরক তৈরির মতো সরঞ্জাম দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন।

আল বাশারাত মৎস্য প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক রায়হান রহমান রাজু বলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম মামুনসহ কয়েকজন গত কয়েক দিন ধরে খামারে আসছিলেন। “আজ এসে দেখি আমাদের দুই কর্মচারীকে বাইরে বসিয়ে রাখা হয়েছে। আমাকেও বাইরে থাকতে বলা হয়। পরে ওপরের কক্ষে গেলে তাঁরা প্রায় এক ঘণ্টা সেখানে ছিলেন,” বলেন তিনি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, আসন্ন ভোটকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতি হতে পারে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে জিআই পাইপসহ সন্দেহভাজন বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। “বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপরই বলা যাবে এগুলো আসলেই বিস্ফোরক তৈরির উপকরণ কি না,” বলেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন