শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডান ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৮:১৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ায় ক্রিশ্চিয়ান রোমেরোকে নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, সর্বশেষ পরীক্ষার ফল সেই উদ্বেগ অনেকটাই দূর করেছে। আর্জেন্টিনার অন্যতম ভরসার এই সেন্টার ব্যাকের চোট গুরুতর নয় বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম।

অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে ডান হাঁটুতে আঘাত পান রোমেরো। আঘাতের পর কিছুক্ষণ খেলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৫২ মিনিটে তাকে তুলে নিতে বাধ্য হন কোচ। তার জায়গায় মাঠে নামেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। ম্যাচ চলাকালে সাইডলাইনে রোমেরোর হাঁটুতে বরফ দেয়া হচ্ছিল, যা সমর্থকদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছিল।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে এই শঙ্কার কারণও ছিল যথেষ্ট। কারণ টটেনহ্যামের এই ডিফেন্ডার বিশ্বকাপ শুরুর মাত্র দুই মাস আগে একই হাঁটুতে লিগামেন্ট ইনজুরিতে ভুগেছিলেন। ফলে নতুন করে পাওয়া আঘাতটি কতটা গুরুতর, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল আর্জেন্টিনা শিবিরে।

তবে পরীক্ষা-নিরীক্ষার পর সুখবরই পেয়েছে দলটি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, রোমেরোর ডান হাঁটুতে সিটি স্ক্যান করানো হয়েছে এবং সেখানে কোনো লিগামেন্ট ক্ষতি কিংবা গুরুতর চোটের প্রমাণ পাওয়া যায়নি। ইতিমধ্যে হাঁটুর ফোলাভাবও অনেকটা কমে এসেছে।

এ কারণে জর্ডানের বিপক্ষে ম্যাচে তাকে ঝুঁকি নিয়ে খেলানো না হলেও নকআউট পর্বে তার ফেরার সম্ভাবনা খুবই উজ্জ্বল। চিকিৎসক দলের পর্যবেক্ষণে থাকা রোমেরো কয়েক দিনের মধ্যেই দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ম্যাচ শেষে রোমেরো নিজেও আশাবাদী বার্তা দিয়েছিলেন। আঘাত পাওয়ার পরও তাকে বেশ স্বাভাবিক ও স্বস্তিদায়ক মেজাজে দেখা যায়, যা আর্জেন্টিনা শিবিরে ইতিবাচক ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়েছে।

এখন রোমেরোর প্রধান লক্ষ্য নকআউট পর্বের ম্যাচে মাঠে ফেরা। আগামী শনিবার ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরুর একাদশে থাকার লক্ষ্য নিয়েই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি। সেই ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে অনুশীলনের জন্য প্রায় এক সপ্তাহ সময় পাচ্ছেন এই ডিফেন্ডার।

তবে আর্জেন্টিনা কোচিং স্টাফ কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না। রোমেরো পুরোপুরি ফিট না হলে কিংবা হাঁটুর সমস্যা আবার দেখা দিলে তার জায়গায় ওটামেন্ডিকেই মূল একাদশে দেখা যেতে পারে। তবু বর্তমান পরিস্থিতি বিবেচনায় আর্জেন্টিনা শিবিরে স্বস্তির আবহই বেশি। কারণ দলের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ রোমেরোকে হারানোর যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা আপাতত অনেকটাই কেটে গেছে

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Egypt VS Iran
68'
1 - 1
5' Mahmoud Saber
14' Ramin Rezaeian
World Cup