

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার দেবীদ্বার উপজেলার জয়পুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রায় এক বছর ধরে সংস্কারকাজ বন্ধ রয়েছে। ফলে ফতেহাবাদ ও সুবিল ইউনিয়নের অন্তত ৮টি গ্রামের শত শত মানুষ সংক্ষিপ্ত এই সড়ক ব্যবহার থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ৬নং ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আহামুদ্দিন সরকার বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এই সংযোগ সড়কটি ফতেহাবাদ ইউনিয়নের আসানপুর সড়ক হয়ে ৪নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজার সড়কের সঙ্গে যুক্ত। কিন্তু জয়পুর গ্রামের আজিজ সরকার বাড়ির পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নকাজ বন্ধ রয়েছে।
মো. শামমিয়া সানু মেম্বার বলেন, সড়কটি তাঁর ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে নির্মাণ হচ্ছে এবং সড়কের জন্য আরও অতিরিক্ত জমির প্রয়োজন হলে তাও তিনি দিতে রাজি। কারণ সড়কের দুই পাশের জমির মালিক তিনি নিজেই। তবে বাড়ির দেয়াল ভেঙে নয়।
তিনি আরও বলেন, দু’জন ব্যক্তি তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় তারা এলাকার লোকজন ও সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে তাঁর বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে তাঁর সম্মানহানি করেছে।
শামমিয়া সানু জানান, সড়কের উত্তর পাশে তাঁর ২ শতক ৬০ পয়েন্ট জমি রয়েছে, যা পারিবারিক বিরোধের কারণে অন্যের দখলে রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতে অভিযুক্তরা হাজির হয়ে জমি ছেড়ে দেওয়ার অঙ্গীকার করলেও তারা এখনো দখল ছাড়ছে না।
সানু মেম্বারের চাচাতো ভাই অরুণ সরকার জানান, তথ্য গোপন করে তাদের পারিবারিক ইজমালিক সম্পত্তি থেকে মফিজুল ইসলামের সঙ্গে সানু মেম্বার—তার এবং সানু মেম্বারের আপন ভাই খালেক সরকারের সামনের সাড়ে ৪ শতক জমি বিনিময় দলিল করে সমস্যা সৃষ্টি করেছেন। ওই ঘটনায় তাদের দুই পরিবারের নারী-পুরুষসহ ৯ জনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে স্থানীয় বাসিন্দা ও প্রবাসী সুলতান আহমেদসহ কয়েকজন অভিযোগ করেন, সানু মেম্বারের বাড়ির দেয়াল ভেঙে দিলে সড়কটি সোজা ও সুন্দর করা সম্ভব। দেয়াল না ভাঙায় উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেন। তারা আরও জানান, সড়কটির সৌন্দর্যবর্ধনের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেও কোনো প্রতিকার পায়নি।
সড়ক সংস্কারে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘খান এন্টারপ্রাইজ লিমিটেড’-এর স্বত্বাধিকারী মো. সফিউল্লাহ বলেন, জয়পুর সড়ক সংস্কারকাজটি ১০ ফুট প্রস্থে ৮৩৭ মিটার দৈর্ঘ্যের। প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৬ লাখ টাকা। সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় জায়গা রয়েছে, তবে স্থানীয় কিছু লোক তাঁর ওপর চাপ প্রয়োগ করছেন—সানু মেম্বারের বাড়ির দেয়াল ভেঙে সড়ক সোজা করে সংস্কার করতে। কিন্তু জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকায় তিনি হস্তক্ষেপ করতে পারছেন না। এরপরও দেয়াল না ভেঙেই সড়ক সংস্কার করা সম্ভব।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের কারণেই সড়ক সংস্কার আটকে আছে। জমিসংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন এবং বিতর্কিত জায়গাটি খাস জমি নয়, ব্যক্তি মালিকানাধীন। জমির মালিক ও স্থানীয়রা সমঝোতায় এলে সড়ক সংস্কারে কোনো সমস্যা থাকার কথা নয়।
মন্তব্য করুন